ভাইরাল সেই তাজুর পাশে নাগেশ্বরী উপজেলা প্রশাসন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভূমিহীন ও ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলামের (তাজু) পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাজুকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বদরুজ্জামান রিশাদ। এ সময় তাকে বাসযোগ্য খাসজমি ও কৃষিজমি দেওয়ার ঘোষণা দেন তিনি।

এ ছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথশিশু’র পক্ষ থেকে তাজুর জন্য ঘর নির্মাণে টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। হঠাৎ করে পাওয়া এই সহায়তায় আবেগাপ্লুত হয়ে পড়েন তাজু। কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি ওমর ফারুক, প্রেস ক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, ইউপি সদস্য কবিরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।