'ব্ল্যাক স্টারস'-এর শূন্য হেড কোচের পদের জন্য জার্মানির বিশ্বকাপজয়ী কোচ জোয়াকিম লো-এর সাথে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে ঘানা। অটো আডোর বিদায়ের পর ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখে দ্রুত একজন হাই-প্রোফাইল কোচ নিয়োগ দিতে চাইছে ঘানা।
দুই পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা ইতিবাচক হয়েছে। জোয়াকিম লো নিজেও এই দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছেন। বর্তমানে তিনি ঘানার স্কোয়াড প্রোফাইল, টেকনিক্যাল কাঠামো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো মূল্যায়ন করছেন।
২০১৪ সালে জার্মানিকে বিশ্বকাপ জেতানো লো বর্তমানে ফুটবল বিশ্বের অন্যতম অভিজ্ঞ কোচ। এলিট খেলোয়াড়দের সামলানো এবং একটি নির্দিষ্ট ফুটবল দর্শন তৈরিতে তার দক্ষতা ঘানাকে এই সংকটময় অবস্থা থেকে উত্তরণে সাহায্য করবে বলে মনে করছে জিএফএ।
২০২৬ বিশ্বকাপে ঘানা একটি অত্যন্ত কঠিন গ্রুপে পড়েছে। সেখানে তাদের লড়তে হবে শক্তিশালী ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং পানামার বিপক্ষে। বিশ্বমঞ্চে ভালো করার লক্ষ্যেই জিএফএ জোয়াকিম লো-র মতো অভিজ্ঞ কাউকে ডাগআউটে চাইছে।
চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে বেতন-ভাতা, কোচিং স্টাফ নির্বাচন এবং তাৎক্ষণিক পারফরম্যান্সের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা চলছে। আন্তর্জাতিক উইন্ডো শুরু হওয়ার আগেই ঘানা এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে আগ্রহী।
যদি চুক্তিটি সফল হয়, তবে লোর প্রথম কাজ হবে দলের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনা এবং আফ্রিকান ফুটবলের সাথে দ্রুত মানিয়ে নিয়ে ২০২৬ বিশ্বকাপের জন্য একটি লড়াকু দল গঠন করা।