‘প্রমাণ ছাড়াই আমাকে নিষিদ্ধ করেছে উয়েফা’ -ভিনিসিয়ুস ইস্যুতে প্রেস্তিয়ানি

রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের সাথে বর্ণবাদী আচরণের অভিযোগে এক ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ানি। এই ঘটনার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন তিনি। প্রেস্তিয়ানির দাবি, ভিনিসিয়ুস জুনিয়র তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, তার কোনো সত্যতা বা প্রমাণ উয়েফার কাছে নেই।

গত ১৭ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগের ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়র অভিযোগ করেন যে, প্রেস্তিয়ানি তাকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেছেন। এর পরিপ্রেক্ষিতে উয়েফা তদন্ত চলাকালীন দ্বিতীয় লেগের ম্যাচে প্রেস্তিয়ানিকে নিষিদ্ধ করে। ওই ম্যাচে ২-১ গোলে হেরে বিদায় নেয় বেনফিকা। প্রেস্তিয়ানি আক্ষেপ করে বলেন, ‘আমি কখনও বর্ণবাদী ছিলাম না আর হবও না। যা আমি বলিনি, তার জন্য আমাকে শাস্তি পেতে হয়েছে। প্রমাণ ছাড়াই উয়েফা আমাকে নিষিদ্ধ করায় আমি মর্মাহত।’

বেনফিকা কর্তৃপক্ষ এই ঘটনাকে প্রেস্তিয়ানির বিরুদ্ধে ‘স্মিয়ার ক্যাম্পেইন’ বা চরিত্রহননের চেষ্টা হিসেবে অভিহিত করেছে। কোচ হোসে মরিনহোও এই কঠিন সময়ে শিষ্যের পাশে দাঁড়িয়েছেন। প্রেস্তিয়ানি বলেন, ‘ক্লাব এবং সতীর্থরা আমার ওপর বিশ্বাস রেখেছে। মরিনহো একজন অসাধারণ মানুষ। যারা আমাকে চেনে তারা জানে আমি কেমন মানুষ, এটাই আমার জন্য যথেষ্ট।’

তবে মরিনহো আগেভাগেই সতর্ক করে দিয়েছেন, যদি তদন্তে প্রেস্তিয়ানি দোষী সাব্যস্ত হন, তবে বেনফিকায় তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। বিতর্ক পেছনে ফেলে এখন আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে মরিয়া এই তরুণ। গত নভেম্বরে আলবিসেলেস্তেদের হয়ে অভিষেক হওয়া প্রেস্তিয়ানি মার্চে মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি। তিনি বলেন, ‘বিশ্বকাপে খেলা আমার স্বপ্ন। লিওনেল স্কালোনির দলে জায়গা করে নিতে আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করছি।’