কক্সবাজারে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো এখনই সম্ভব নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এখনই আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা কঠিন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আজ (৩ এপ্রিল) দুপুরে স্টেডিয়ামটি পরিদর্শনের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, "বর্তমানে কক্সবাজারের মাঠে আন্তর্জাতিক ম্যাচ ফেরানো কিছুটা কঠিন। তবে আমরা এই পরিস্থিতি পরিবর্তনের জন্য বেশ কিছু সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নিয়েছি।" তিনি আরও জানান, কক্সবাজারকে কেবল পর্যটন কেন্দ্র হিসেবে নয়, বরং 'স্পোর্টস ট্যুরিজম'-এর একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। স্টেডিয়ামের গ্যালারি ও অবকাঠামো আধুনিকায়ন করে দর্শকদের জন্য বিশ্বমানের অভিজ্ঞতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

কক্সবাজারে সার্ফিং আসরের উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বিগত সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং জাতীয় ক্রীড়া পরিষদের মধ্যে যে সমন্বয়হীনতা ছিল, তা নিয়ে এক প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, "বিগত সময়ে যে গ্যাপ ছিল, তা আর থাকবে না। এখন সবকিছু একদম সোজা পথে এগোবে এবং দ্রুত উন্নয়নের কাজ দৃশ্যমান হবে।"

দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে আসা ক্রীড়া প্রতিমন্ত্রী শুক্রবার সকালে লাবণী পয়েন্টে ‘অষ্টম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করেন। এরপর তিনি সার্ফিংয়ের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া তিনি কক্সবাজার জেলা স্টেডিয়ামের অবকাঠামো, স্পোর্টস ভিলেজ এলাকা, বিকেএসপি এবং স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমও পরিদর্শন করেন।