ক্রীড়াবিদদের জন্য আরও সাড়ে ৮ কোটি টাকার ভাতা ও শিক্ষা বৃত্তি

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৫:৩৯ পিএম

ক্রীড়াবিদদের জন্য আরও সাড়ে ৮ কোটি টাকার ক্রীড়া ভাতা ও শিক্ষা বৃত্তি দিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজার ২৬২ জন অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবীদের জন্য ক্রীড়া ভাতা, প্রতিভাবান ও উদীয়মান ক্রীড়া শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি এবং অসচ্ছল ক্রীড়াসেবীদের চিকিৎসা ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত ভাতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাহবুব-উল-আলম।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্য নিয়ে ২০২৫-২৬ অর্থবছরে ক্রীড়া ভাতা, ক্রীড়া শিক্ষা বৃত্তি এবং চিকিৎসা ও আর্থিক সহায়তা বাবদ ৮ কোটি ৪১ লাখ ৭৪ হাজার টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে রাজস্ব বাজেট থেকে ১ হাজার ৭৯৭ জন ক্রীড়াসেবীকে ক্রীড়া ভাতা হিসেবে ৫ কোটি ৩৯ লাখ ১০ হাজার টাকা দেওয়া হয়। এছাড়া সিডমানির লভ্যাংশ থেকে ৪২ জন অসচ্ছল ও অসুস্থ ক্রীড়াসেবীকে চিকিৎসা ও আর্থিক সহায়তা হিসেবে ৩২ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়। অন্যদিকে দেশের বিভিন্ন এলাকার ১ হাজার ৪২৩ জন প্রতিভাবান ও উদীয়মান ক্রীড়া শিক্ষার্থীকে ক্রীড়া শিক্ষা বৃত্তি হিসেবে মোট ২ কোটি ৭০ লাখ ২৪ হাজার টাকা দেওয়া হয়েছে। যা তাদের ব্যাংক একাউন্টে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে বলে ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন সূত্রে জানা গেছে। 

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, ‘প্রকৃত প্রাপকদের কাছে ক্রীড়া ভাতার সুবিধা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। দীর্ঘদিন খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকা এবং বাস্তবিক অর্থে সহায়তার প্রয়োজন রয়েছে, এমন ক্রীড়াসেবীদেরই অগ্রাধিকার দেওয়া হবে।’ তিনি আগামী বছরগুলোতে এই কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

সাবেক খেলোয়াড়দের কল্যাণে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সহযোগিতায় আর্থিকভাবে অসচ্ছল সাবেক খেলোয়াড়দের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে। যাচাই-বাছাই শেষে যোগ্য ক্রীড়াসেবীদের স্থায়ীভাবে ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি। একই সঙ্গে ক্রীড়াসেবী ভাতা প্রদানের বর্তমান নীতিমালায় সময়োপযোগী পরিবর্তন এনে জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। 
এই ক্রীড়া ভাতা ও শিক্ষাবৃত্তির মাধ্যমে একদিকে যেমন সাবেক ও অসচ্ছল ক্রীড়াসেবীরা আর্থিক সহায়তা পাচ্ছেন, অন্যদিকে উদীয়মান ক্রীড়া শিক্ষার্থীরাও তাদের স্বপ্নপূরণের পথে নতুন প্রেরণা পাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত