কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলা অবস্থায় এক জামায়াত নেতার ভাইসহ ৬ জুয়ারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে গুনাইগাছ ইউনিয়নের নেফড়া খারিজাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন গুনাইগাছ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আতিকুর রহমানের আপন ভাই আমিনুল ইসলাম, একই এলাকার সাইদুল ইসলাম, সাদ্দাম হোসেন, ফয়জার রহমান, থেতরাই এলাকার আক্কাস আলী, আশরাফুল ইসলাম।
জানা গেছে, গুনাইগাছ ইউনিয়নের নেফরা গ্রামে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলে আসছিল। সেখানে স্থানীয় লোকজনসহ বহিরাগত লোকেরা এসে রাতভর জুয়া খেলছিল। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার তাস নগদ টাকাসহ ছয় জুয়ারিকে আটক করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারিদের গ্রেপ্তার করছি। জুয়া নির্মুলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।