কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমি থেকে মানুষের শরীরের খণ্ডিত একটি পা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানায়, সকালে সড়ক দিয়ে চলাচলের সময় কয়েকজন পথচারী সড়কের পাশে ধানের জমিতে একটি খণ্ডিত পা পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত ওই পা উদ্ধার করে।
স্থানীয়রা আরও জানায়, খণ্ডিত পায়ের পাশে রক্তাক্ত একটি পলিথিন পড়ে ছিল। তাদের ধারণা, কেউ সড়ক থেকে পাটি ধানের জমিতে ফেলে রেখে যেতে পারে।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, সকাল সাড়ে সাতটার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ এবং কিভাবে সেখানে এলো তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।