৩৯ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, চুয়াডাঙ্গায় রেকর্ড করা তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস যা মাঝারি মানের তাপপ্রবাহ। এতে করে এলাকাজুড়ে তীব্র গরমের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।

এদিন দুপুর গড়াতেই তাপমাত্রা আরো বেড়ে যায়। খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও দিনমজুররা সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। অনেককেই ছায়ার খোঁজে রাস্তার পাশে কিংবা দোকানের সামনে আশ্রয় নিতে দেখা গেছে। শিশু ও বয়স্করা বেশি অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালগুলোতেও গরমজনিত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, এ তাপপ্রবাহ আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এর মধ্যে বৃষ্টির পূর্বাভাস নেই।