ময়মনসিংহে হামের প্রকোপ, এক শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন গত ২৪ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় মোট ছয়জন শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে হাসপাতালে নতুন করে আরও নয়জন শিশু ভর্তি হওয়ায় সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার(৩এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নয়জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসাধীন একজন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের মোট ৬৭ জন শিশু চিকিৎসাধীন। তবে একই সময়ে ১৮ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত হাসপাতালটিতে মোট ১৮১ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে ১১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। হামের চিকিৎসায় গঠিত মেডিকেল দলের সহকারী রেজিস্ট্রার মো. মাজহারুল আমিন বলেন, হামের রোগীর সংখ্যা ওঠানামা করছে, তবে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ করে যেসব শিশু টিকা পায়নি বা বয়স কম, তাদের ঝুঁকি বেশি।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, আক্রান্ত শিশুদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রোগীর চাপ সামাল দিতে চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে বিশেষ টিম কাজ করছে। ময়মনসিংহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়সাল আহমেদ বলেন, জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের জন্য বহির্বিভাগে ‘ফিভার কর্নার’ চালু করা হয়েছে এবং আন্তঃবিভাগে নির্দিষ্ট শয্যার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বিশেষায়িত মেডিকেল টিম মাঠপর্যায়ে কাজ করছে এবং প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রতিবেদন দিচ্ছে।