উৎপাদন ও বিতরণ ব্যয় বৃদ্ধির অজুহাতে তুরস্কে আবাসিক পর্যায়ে বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা বোতাস জানিয়েছে, গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ও গ্যাসের দাম গড়ে ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
শনিবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সমন্বয় করতেই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবাসিক গ্রাহকদের পাশাপাশি শিল্প এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতেও জ্বালানির দাম বাড়ানো হয়েছে।
নতুন হার অনুযায়ী, শিল্প খাতে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে ১৮.৬১ শতাংশ এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে ১৯.৪২ শতাংশ।
অন্যদিকে, বিদ্যুতের ক্ষেত্রেও বিভিন্ন খাতে ভিন্ন ভিন্ন হারে দাম বেড়েছে। নিম্ন-ভোল্টেজের সরকারি ও সেবা খাতের গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম ১৭.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কৃষি খাতে ব্যবহারকারীদের জন্য এই হার সবচেয়ে বেশি—প্রায় ২৪.৮ শতাংশ। তবে শিল্প খাতে ব্যবহৃত মাঝারি-ভোল্টেজের বিদ্যুতের দাম তুলনামূলক কম, অর্থাৎ ৫.৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
অর্থনৈতিক সংকটে থাকা তুরস্কের সাধারণ মানুষের ওপর এই মূল্যবৃদ্ধি জীবনযাত্রার ব্যয়ে নতুন করে চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা