যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থায় চীনা হ্যাকারদের হামলা, দাবি যুক্তরাষ্ট্রের

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০১:২২ এএম

চীনা হ্যাকারদের একটি চক্র মার্কিন বিচার বিভাগ, মহাকাশ গবেষণা সংস্থা নাসা, ফেডারেল রিজার্ভ, সিনেটসহ গুরুত্বপূর্ণ সরকারি সংস্থার নেটওয়ার্কে অনুপ্রবেশ করেছে এবং আরও কয়েকটি প্রতিষ্ঠানে হামলার চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন কর্তৃপক্ষ জানায়, চীনভিত্তিক একটি সাইবার হ্যাকিং কার্যক্রম তারা শনাক্ত ও বাধাগ্রস্ত করেছে। খবর রয়টার্স।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, হ্যাকারদের ব্যবহৃত কিউস্কেন ও কিউটিরাউটার নামের দুটি হ্যাকিং প্ল্যাটফর্মের সঙ্গে সংশ্লিষ্ট ডোমেইন জব্দ করা হয়েছে। আদালতে দাখিল করা এক হলফনামায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চারটি প্রতিষ্ঠানও এই সাইবার হামলার শিকার হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, এসব প্ল্যাটফর্ম পরিচালনা করছিল চীনের নানজিংভিত্তিক প্রতিষ্ঠান নানজিং শিনজিউওয়েই নেটওয়ার্ক টেকনোলজি কোম্পানি। প্রতিষ্ঠানটির গ্রাহকদের মধ্যে চীনের বেসামরিক গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি এবং দেশটির সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি রয়েছে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।

চীনের ওয়াশিংটন দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। চীন সাধারণত এ ধরনের সাইবার হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে থাকে।

২০১৮ সাল থেকে হামলার চেষ্টা

মার্কিন আদালতে দেওয়া হলফনামা অনুযায়ী, অভিযুক্ত হ্যাকাররা অন্তত ২০১৮ সাল থেকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্পর্শকাতর নেটওয়ার্কে প্রবেশের জন্য নিজেদের তৈরি বিভিন্ন প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করে আসছে।

২০১৯ সালের আগস্টে নাসার নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা চালানো হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের একটি দুর্বলতাকে কাজে লাগিয়ে ওই হামলার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।

অন্যদিকে, ২০২৪ সালের সেপ্টেম্বরে হ্যাকাররা যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের তিনটি গবেষণাগার, ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের একটি সংস্থা এবং একটি মার্কিন নিরাপত্তা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নেটওয়ার্কে অনুপ্রবেশ করে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

তবে হামলার শিকার সংস্থাগুলোর বেশিরভাগই তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

চীনঘনিষ্ঠ সাইবার হামলা নিয়ে উদ্বেগ

সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরকারি ও বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ নেটওয়ার্কে সাইবার হামলার অভিযোগ উঠেছে।

চলতি বছরের মার্চে এফবিআই কংগ্রেসকে জানায়, তদন্তাধীন ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু সরকারি সংস্থার নেটওয়ার্কে হ্যাকাররা প্রবেশ করেছিল। পরে বিভিন্ন প্রতিবেদনে ওই হামলার সঙ্গে চীনের সংশ্লিষ্টতার কথা উঠে আসে।

এ ছাড়া মার্কিন প্রতিনিধি পরিষদের কয়েকটি কমিটির নেটওয়ার্ক এবং একাধিক বড় টেলিযোগাযোগ প্রতিষ্ঠানেও চীনঘনিষ্ঠ হ্যাকারদের অনুপ্রবেশের অভিযোগ রয়েছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, চীনা সরকারের বিভিন্ন সংস্থার হয়ে গুরুত্বপূর্ণ সাইবার হামলা পরিচালনায় বেসরকারি ঠিকাদার প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে কাজ করে থাকে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেন্টিনেলওয়ান-এর চীনবিষয়ক বিশ্লেষক ডাকোটা ক্যারি বলেন, গত এক দশকে বিশেষায়িত আক্রমণাত্মক সাইবার সেবা দেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। ফলে বিভিন্ন সরকারি সংস্থার হয়ে বেসরকারি প্রতিষ্ঠান ব্যবহার করে সাইবার হামলা চালানোর প্রবণতাও বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত