বিরোধীদলীয় নেতা বললেন

জ্বালানি সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জ্বালানি তেলের সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে। সংসদে এমনভাবে বিবৃতি দেওয়া হচ্ছে, যেন দেশে কোনো জ্বালানি সংকটই নেই, বরঞ্চ উদ্বৃত্ত তেলে ভাসছে বাংলাদেশ। লজ্জা,  অথচ বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। রাজধানীসহ বিভিন্ন এলাকায় পেট্রোলপাম্পে কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। অনেক পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। আবার কোথাও কোথাও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি হচ্ছে। গতকাল শুক্রবার বিকেলে  দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার একটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার আয়োজনে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, সংকট যদি না-ই থাকে, তাহলে কেন মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে বাধ্য হচ্ছে?  তিনি অভিযোগ করে বলেন, সরকার প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছে না এবং বিষয়টি নিয়ে লুকোচুরি করছে। বিএনপি বলেছে সবাইকে নিয়ে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। তাহলে সবাইকে নিয়ে কেন বসছে না। ইতিমধ্যে সবাইকে নিয়ে বাংলাদেশ আউট হয়ে যাচ্ছে।

তিনি বলেন, জনগণের কাছে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে সরকার। নির্বাচনের আগের দিন পর্যন্ত গণভোট নিয়ে বিএনপি একমত ছিল। যেভাবেই হোক, যে মেকানিজমেই হোক, যখন দেখল নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি হয়ে গেছে, তখনই রাতারাতি আপনাদের মত বদলে গেল। আমরা তো মত বদলায়নি, আমরা আমাদের জায়গায় আছি। কিন্তু এখন তারা এ রায় মানবে না। জনগণের অভিপ্রায় হচ্ছে চূড়ান্ত সংবিধান। জামায়াতে ইসলামী কাটাছেঁড়া সংবিধান চায় না। আমরা দীর্ঘদিন জনগণের অধিকারের জন্য মাঠে নেমেছি, এবার আবারও নামব, জনগণের দাবি আদায় করে ছাড়ব।

শফিকুর রহমান বলেন, অনলাইনে ক্লাস চালুর ফলে শিক্ষার্থীদের পড়ালেখা ঝুঁকির মুখে পড়বে, মেধার অপমৃত্যু ঘটবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা আমির মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি।