প্রধানমন্ত্রীর পাঠানো রিকশা পেলেন টুলি বেগম

সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা টুলি বেগমের বেঁচে থাকার লড়াইয়ের খবর প্রকাশ পেয়েছিল গণমাধ্যমে। সংবাদটি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিনি জীবনযুদ্ধে লড়াই করে যাওয়া রাজশাহীর নারী রিকশাচালক টুলি বেগমের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে। নিদের্শনার পর জীবিকার তাগিদে রিকশা চালানো টুলি বেগমের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো রিকশা তুলে দিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

গতকাল শুক্রবার বেলা ১১টায় রাজশাহীর পবা উপজেলার বড়গাছি মালপাড়া আশ্রয়কেন্দ্র এলাকায় টুলি বেগমের সঙ্গে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। নরসিংদী রায়পুরার সংসদ সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের উপস্থিতিতে প্রতিনিধিদলটি এ সময় টুলি বেগমের পরিবারের সদস্যদের খোঁজখবর নেয়। তারা বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে টুলি বেগমকে একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা ও নগদ আর্থিক সহায়তা দেন। নেতৃবৃন্দ সব সময় তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

উপহার পেয়ে টুলি বেগম প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমাকে উপহার পাঠানোয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি অনেক বড় মনের মানুষ। আমি কতটা খুশি ভাষায় প্রকাশ করছি না। নতুন রিকশাটি আমার পরিবারের জন্য সহায়ক হবে।’

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, “অসহায় টুলি বেগমের অটোরিকশা চালানোর বিষয়টি জানার পর আমাদের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’-কে তার পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। এ প্রেক্ষিতে আমরা এসে ব্যাটারিচালিত অটোরিকশা ও কিছু আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছি।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শুধু টুলি বেগম নয়, সারা দেশে অসংখ্য খুন ও গুমের শিকার পরিবার এবং অনেক অসহায় পরিবারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ আগামীতে আরও বড় পরিসরে এ কার্যক্রম অব্যাহত রাখবে।”

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক মানুষ। তিনি গত ১৭ বছরে খুন, গুম ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। এ ছাড়া যখনই কোনো অসহায়ের খবর তার নজরে আসে তখনই তিনি অসহায় সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নতুন  বাংলাদেশ বির্নিমাণের দিকে এগিয়ে যাব।’

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, রাজশাহী সরকারি সিটি কলেজ সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।