চলতি এপ্রিল মাসে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা রয়েছে। এর সঙ্গে তীব্র কালবৈশাখী ও শিলাবৃষ্টির পাশাপাশি কয়েক দফায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রিতে উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শুক্রবার প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল মাসব্যাপী দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এদিকে টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। গতকাল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমেরও সর্বোচ্চ। একই সঙ্গে জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌসুমের শুরুতেই তাপমাত্রার এমন বৃদ্ধি স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, ‘জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। গতকাল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩১ শতাংশ।’ এর আগে ১ এপ্রিল জেলায় তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২ এপ্রিল ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস।’ টানা তিন দিন দেশের ও মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ায় চুয়াডাঙ্গার জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসে দেশে স্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ ছাড়া মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে পাঁচ থেকে সাত দিন হালকা থেকে মাঝারি ধরনের শিলাবৃষ্টি হতে পারে এবং অন্তত তিন দিন তীব্র কালবৈশাখীসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এপ্রিল মাসে দেশে দুই থেকে চার দফা মৃদু (৩৬ থেকে ৩৭.৯ সেলসিয়াস) কিংবা মাঝারি (৩৮ থেকে ৩৯.৯ সেলসিয়াস) তাপপ্রবাহ প্রবাহিত হতে পারে। পাশাপাশি এক থেকে দুই দফা তীব্র তাপপ্রবাহও বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যেখানে তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর পানিপ্রবাহ স্বাভাবিক থাকতে পারে। পাশাপাশি দৈনিক গড় বাষ্পীভবন ৩ থেকে ৫ মিলিমিটার এবং গড় সূর্যালোকের স্থায়িত্ব প্রায় ৫.৫ থেকে ৭.৫ ঘণ্টা হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজশাহী : চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে রাজশাহীতে গড় তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ। রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গত বুধবার জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় তাপপ্রবাহের তীব্রতা বাড়ছে। গত তিন দিন থেকে বইছে তাপপ্রবাহ।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, তাপপ্রবাহ পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টিপাত শুরু হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এদিকে চলমান তাপপ্রবাহে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও নিম্নআয়ের শ্রমজীবীরা। প্রখর রোদ ও গরমে কাজ করা কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। শহরের রাস্তাঘাটেও মানুষের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘এ সময় হিটস্ট্রোকসহ বিভিন্ন গরমজনিত রোগের ঝুঁকি বাড়ে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।’ প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, প্রচুর পানি পান করা এবং রোদে বের হলে ছাতা বা মাথা ঢেকে রাখার পরামর্শ দেন তিনি।