পিরোজপুরের নেছারাবাদে সরকারি জমির মাটি কাটার অপরাধে তিনটি ইটভাটাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত দত্ত নেতৃত্বে শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুয়ারেখা ও সারেংকাঠী ইউনিয়নের সংযোগস্থল পশ্চিম সারেংকাঠী এলাকায় সন্ধ্যা নদীর তীরবর্তী খাস জমির মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। এ সময় ‘আশা ব্রিকস, ‘মর্ডান ব্রিকস’ ও ‘ডায়মন্ড ব্রিকস’র প্রতিনিধিরা দায় স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
তিনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন - ২০১০ অনুযায়ী প্রতিটি ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট ইটভাটা কর্তৃপক্ষ জরিমানা পরিশোধ করেছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার লিখিত মুচলেকা দিয়েছে। এছাড়া অভিযানে জব্দ করা চার ট্রলার মাটি সুটিয়াকাঠী ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজে ব্যবহারের জন্য পাঠানো হয়।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযান পরিচালনায় নেছারাবাদ (স্বরূপকাঠি) থানা পুলিশ, স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও এলাকার সচেতনমহল সার্বিক সহযোগিতা করেন।