জোড়া গোল করে রোনালদোর দুর্দান্ত প্রত্যাবর্তন; হাজার গোল হতে কত বাকি?

ইনজুরি কাটিয়ে স্বরূপে ফিরতে খুব বেশি সময় নিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। এক মাসের বিরতি শেষে ফিরেই আল নাসরের জার্সিতে করলেন জোড়া গোল। তার এই বিধ্বংসী প্রত্যাবর্তনে তলানির দল আল নাজমাকে ৫-২ গোলে বিধ্বস্ত করে সৌদি প্রো লিগের শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল রিয়াদ জায়ান্টরা। এই জয়ে লিগে টানা ১৩টি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল আল নাসর।

শুক্রবার রাতে ঘরের মাঠে আল নাজমার মুখোমুখি হয়েছিল আল নাসর। গত ফেব্রুয়ারি থেকে ইনজুরিতে থাকা ৪১ বছর বয়সী রোনালদো এই ম্যাচে ফিরবেন কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা ছিল তুঙ্গে। তবে শুধু ফিরলেনই না, দ্বিতীয়ার্ধে মাঠ মাতিয়ে বুঝিয়ে দিলেন বয়স তার কাছে কেবলই একটি সংখ্যা। জোড়া গোলের সৌজন্যে তার মোট গোলসংখ্যা হলো ৯৬৭টি। ম্যাজিক মাইফলক ছুঁতে প্রয়োজন আর মাত্র ৩৩ গোল!

ম্যাচের শুরুটা অবশ্য আল নাসরের জন্য খুব একটা সুখকর ছিল না। লিগের ২৭ ম্যাচে মাত্র একটি জয় পাওয়া আল নাজমা প্রথমার্ধের ৪৪ মিনিটে রাকান আল তুলাইহির গোলে লিড নিয়ে চমকে দেয় সবাইকে। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধের যোগ করা সময়ে আব্দুল্লাহ আল হামদান এবং সাদিও মানে দ্রুত দুটি গোল করে আল নাসরকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফিলিপে কারদোসোর গোলে আল নাজমা ২-২ সমতায় ফিরলে গ্যালারিতে কিছুটা নিস্তব্ধতা নেমে আসে। ঠিক তখনই ত্রাতা হয়ে আবির্ভূত হন সিআর সেভেন। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করে জয় নিশ্চিত করেন পর্তুগিজ মহাতারকা। শেষ বাঁশি বাজার ঠিক আগে সাদিও মানে নিজের দ্বিতীয় গোলটি করলে ৫-২ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

এই জয়ের ফলে ২৭ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে তারা এখন পরিষ্কার ৬ পয়েন্টে এগিয়ে আছে। আল হিলাল শনিবার আল তাউনের বিপক্ষে মাঠে নামবে। রোনালদোর অনুপস্থিতিতে আল নাসরের আক্রমণভাগ কিছুটা ধার হারিয়েছিল। তবে লিগের এই চূড়ান্ত পর্যায়ে তার ফেরা কোচ ও সমর্থকদের জন্য বড় স্বস্তির।