হলিউড অভিনেতা ও পরিচালক জাস্টিন বালডোনির বিরুদ্ধে আনা অভিনেত্রী ব্লেক লাইভলির যৌন হয়রানির মামলাটি খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে গত ২ মার্চ আদালত এ রায় ঘোষণা করেন।
মামলায় লাইভলি অভিযোগ করেছিলেন যে সিনেমার সেটে বালডোনি তার চেহারা ও ওজন নিয়ে আপত্তিকর মন্তব্য করে তাকে যৌন হয়রানি করেছেন।
তবে মামলা পর্যালোচনা করে বিচারক জানান যে লাইভলি একজন ‘ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর’ হিসেবে কাজ করায় ফেডারেল আইনের অধীনে এই অভিযোগ আনতে পারেন না। এ ছাড়া ক্যালিফোর্নিয়ার আইনে হয়রানির মামলা করার সুযোগ থাকলেও শুটিং নিউ জার্সিতে হওয়ায় সেই দাবিও টেকেনি। বিচারক লাইভলির করা মানহানি এবং ষড়যন্ত্রের অভিযোগও খারিজ করে দিয়েছেন। তবে চুক্তির শর্ত ভঙ্গ এবং প্রতিশোধমূলক আচরণের মতো তিনটি ছোট দাবি নিয়ে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
আদালতের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন জাস্টিন বালডোনির আইনজীবীরা।
তারা জানান, শুরু থেকেই আদালত সঠিকভাবেই প্রকৃত সত্য তুলে ধরেছেন। তাছাড়া যৌন হয়রানির অভিযোগ বাতিল হলেও বালডোনি যেভাবে ডিজিটাল প্রচারণা চালিয়ে লাইভলির সম্মানহানি করেছেন, তার বিচার জুরিরা করবেন। আগামী মে মাসে এই মামলার চূড়ান্ত বিচার শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে দুইপক্ষকে নিয়ে আপস-মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।
২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার চলচ্চিত্র ‘ইট এন্ডস উইথ আস’এর শুটিং সেট থেকেই দুই তারকার মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সিনেমাটির সহ-অভিনেতা ও পরিচালক বালডোনির বিরুদ্ধে সেটে ‘অস্বস্তিকর পরিবেশ’তৈরি এবং ‘ব্লেক লাইভলি’র ব্যক্তিগত সীমানা লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। পরবর্তীতে বিষয়টি আইনি লড়াইয়ে গড়ায় এবং লাইভলি আনুষ্ঠানিকভাবে যৌন হয়রানির অভিযোগ আনেন।