দৈনিক দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর সাটুরিয়া উপজেলার সাভার গ্রামের অসহায় সোনালী ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
'শিলাবৃষ্টির আঘাতে ছিদ্র চালের নিচে কাটছে দিন শ্রমিক সোনালীর' এমন শিরোনামে গতকাল দৈনিক দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর আজ শনিবার দুপুর ১২টার দিকে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা সাটুরিয়া উপজেলা মিনি সভাকক্ষে ক্ষতিগ্রস্ত সোনালীকে নগদ টাকা তোলে দেন। পরে মন্ত্রী বলেন, খুব দ্রুত সোনালীকে ৩ বান টিন ও আরও নগদ অর্থ প্রধান করা হবে।
সাটুরিয়া উপজেলার সাভার গ্রামের আফাজ উদ্দিনের ছেলে সোনালী হোসেন। তার ৫ সদস্যের এই দরিদ্র পরিবারটি একটি জরাজীর্ণ টিনের ঘরে বসবাস করত। সম্প্রতি বয়ে যাওয়া প্রচণ্ড শিলাবৃষ্টিতে তাদের ঘরের টিনের চাল ঝাঁজরা হয়ে যায়। ফলে সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি পড়ত। বৃষ্টির সময় সন্তানদের নিয়ে পলিথিন টাঙিয়ে রাত পার করতে হতো সোনালীকে।
এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, এই অসহায়ত্বের খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দৃষ্টিগোচর হয়। সংবাদ দেখার পর তিনি দ্রুত পরিবারকে সহায়তার উদ্যোগ নেন।
সহায়তা পেয়ে আবেগপ্লুত সোনালী বলেন, বৃষ্টি হলেই আমরা আতঙ্কে থাকতাম, ঘরের সব ভিজে যেত। নিউজ হওয়ার পর মন্ত্রী মহোদয় আমাদের কথা ভেবেছেন এবং টিন দেবার আশ্বাস দিয়েছেন।
স্থানীয়রা মন্ত্রীর এই দ্রুত পদক্ষেপের প্রশংসা করে জানান, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কারণেই আজ একটি অসহায় পরিবার মাথা গোঁজার নিরাপদ ঠাঁই পেল।