সাটুরিয়ায় কৃষি প্রণোদনা পেলেন প্রায় ২ হাজার কৃষক

আপডেট : ২২ জুন ২০২৬, ০৫:২৯ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় চলতি ২০২৫–২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রায় ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, বীজ ও বালাইনাশক বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

রোপা আমন, মরিচ ও গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মধ্যে এ প্রণোদনা বিতরণ করা হয়। এর আওতায় ১ হাজার ৭০০ জন রোপা আমন চাষি এবং ২০০ জন মরিচ চাষির মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও বালাইনাশক দেওয়া হয়।

সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. তানিয়া তাবাসসুম বলেন, ‘কৃষকরা মাঝেমধ্যে ঝড় ও অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হন। তাই এই উপকরণ পেয়ে তারা কিছুটা উপকৃত হবেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ‘একসময় বছরে এক বা দুইবার কৃষকদের জন্য প্রণোদনা দেওয়া হতো। এখন বিভিন্ন সময়ে কৃষকদের সহায়তায় প্রণোদনা দেওয়া হচ্ছে। আপনারা এসব উপকরণ নিজ নিজ কৃষিকাজে ব্যবহার করবেন। কোনোভাবে এসব উপকরণ বিক্রি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সুবিধাভোগী প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত