ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক

বাংলাদেশে মসজিদ-মাদরাসা নির্মাণ করবে সৌদি দাতব্য সংস্থা

বাংলাদেশে আরও মসজিদ, মাদরাসা, এতিমখানা নির্মাণে অর্থায়ন করবে সৌদি আরবের আন্তর্জাতিক দাতব্য সংস্থা মারকাজুল আল ইসলামী। শুক্রবার মক্কায় ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদের সঙ্গে বৈঠকে সংস্থাটির চেয়ারম্যান শায়খ হামজা শহিদুল ইসলাম এই আশ্বাস দেন।

ধর্মমন্ত্রী সৌদি আরবের আন্তর্জাতিক দাতব্য সংস্থা মারকাজ আল ইসলাম বাংলাদেশে কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, ইতপূর্বে মারকাজ আল ইসলাম বাংলাদেশে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, মসজিদ, মাদরাসাসহ অন্যান্য মানবিক কাজে যেভাবে সহায়ত করে আসছে তা বাংলাদেশ চিরকাল মনে রাখবে।

আগেও সৌদি আরবের দাতব্য এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে যে কার্যক্রম শুরু করেছিল তা অব্যাহত রাখা এবং নতুন করে মসজিদ, দরিদ্র ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, মাদরাসা, অন্ধদের জন্য মানসম্পন্ন লেখাপড়ার ব্যবস্থা করেছে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান।

এ সময় ধর্মমন্ত্রী মারকাজ আল ইসলামের চেয়ারম্যানকে এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। মানবিক কল্যাণে যেকোনও কাজের বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় ও সরকার সহযোগিতা প্রদান করবে বলে আশ্বস্ত করেন।

১৯৮৮ সালে আল মারকাজল আল ইসলামী বাংলাদেশ নামে মানবসেবায় বেওয়ারিশ লাশ দাফনের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস, ইসলামী শিক্ষা সম্প্রসারণে বিভিন্ন জেলায় প্রায় ৭০টির মতো মসজিদ, মাদরাসা নির্মাণ এবং পরিচালনা করে আসছে সৌদি দাতব্য এই আন্তর্জাতিক সংস্থাটি।

সংস্থাটির চেয়ারম্যান অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের বাধার কারণে বাংলাদেশে বিগত ১৭ বছর নতুন করে কোনও কার্যক্রম পরিচালনা করতে পারেনি মারকাজল ইসলাম। সে সময় বাংলাদেশে আল মারকাজ আল ইসলামীর কার্যক্রম বাধা সৃষ্টি না করতেন তাহলে ইতোমধ্যে ১০০টির বেশি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়ে যেত।

তিনি বলেন, বিগত সরকারের বাধার কারণে সংস্থাটি বাংলাদেশের কার্যক্রম স্থগিত রেখে আফ্রিকার বিভিন্ন দেশ ফিলিস্তিনসহ বিভিন্ন দেশে শিক্ষাপ্রতিষ্ঠান মসজিদ, মাদরাসা নির্মাণ করেছে।