সাভারে ওয়াহিদ নামে আট বছর বয়সী এক শিশু নির্যাতনের শিকার হয়েছে। পাষণ্ড বোন জামাইয়ের কাছে নির্যাতনের শিকার ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৪এপ্রিল) সকালে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের নিলা বর্ষা পার্কের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। আহত ওয়াহিদ, নাজিম উদ্দিন-সাহিদা দম্পতির ছেলে। তারা সাভার পৌর এলাকার ভাগলপুর রাহাতের মালিকানাধীন ভাড়া বাসায় বসবাস করেন। অপরদিকে অভিযুক্ত রাজ্জাক ধামরাইয়ের বরদাইল এলাকার সালামের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী শিরীন বলেন, আমার বাড়ি ধামরাইয়ের নিলাবর্ষা পার্কের পাশেই। সকালে বাড়ির পাশে দিয়ে যাওয়ার সময় ওই ছেলেকে পার্কের পাশে পড়ে থাকতে দেখি। এরপরে সামনে গিয়ে দেখি দুই চোখ ফোলা এবং শরীর থেকে রক্ত বের হচ্ছে। পরে কয়েক জন যুবককের সহযোগিতায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসি বলে জানান তিনি। আহতের পিতা নাজিম উদ্দিন বলেন, আমার ছেলে ওয়াহিদকে মেয়ের জামাই রাজ্জাক মারধর করেছে। পরে খবর পেয়ে দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে এসে দেখি দুই চোখে সুপারগ্লু আঠা দেওয়া।
তবে কি কারণে নির্যাতন করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমি রিকশা চালাই। মেয়ে ও ছেলেসহ তার মাকে আমি বিয়ে করেছি। কিন্তু কি কারণে মেয়ের জামাই রাজ্জাক তাকে মেরেছে আমার জানা নেই বলে জানান তিনি। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তৌহিদ আল হাসান বলেন, সকালে একটি শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে ওই শিশুর চোখে সুপারগ্লু আঠা দিয়ে বন্ধ ছিল এবং নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলে জানান তিনি । সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম বিল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশুটি দু চোখে আঠা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ঘটনাটি ধামরাই থানার আওতাধীন এলাকায় সংগঠিত হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।