ফটিকছড়িতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আহত ১

ফটিকছড়ি উপজেলার ভূজপুরে চুরির অভিযোগ তুলে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারমাসিয়া খন্দকার পাড়া এলাকায় ঘটে। নিহত যুবকের নাম মো. নুরুল আবছার (৪০) এবং আহত ব্যক্তির নাম মো. রাসেল। 

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে ওই এলাকায় নুরুল আবছার ও রাসেলের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে একটি গ্রাম্য সালিশ বসানো হয়। সালিশ চলাকালে তাদের চোর হিসেবে অভিযুক্ত করে স্থানীয়রা বেধড়ক মারধর করে।

মারধরের একপর্যায়ে দুজনই গুরুতর আহত হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক নুরুল আবছারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাসেলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিপুল চন্দ্র দে জানান, নিহত নুরুল আবছারের বিরুদ্ধে পূর্বেও এলাকায় চুরির অভিযোগ ছিল এবং আহত রাসেলের বিরুদ্ধেও চুরির মামলা রয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।