২০২৬ সালের মার্চ মাসে সারা দেশে ১১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দলীয় কোন্দল ও অন্তর্কোন্দলের কারণে ১৮ জন নিহত এবং ৯১২ এর বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন বলে দাবি করেছে এইচআরএসএস। গতকাল শনিবার প্রকাশিত মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) মার্চ মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) মার্চ মাসের প্রতিবেদন উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মাসজুড়ে ১১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় অন্তত ১৮ জন নিহত এবং ৯১২ জন আহত হয়েছেন। ফেব্রুয়ারি মাসের তুলনায় ঘটনা কিছুটা কম হলেও, নিহতের সংখ্যা বেড়েছে। ফেব্রুয়ারি মাসে ৩৪৬টি সংঘর্ষে নিহত হয়েছেন ১০ জন। মার্চে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে অন্তত ৫০১ জন আহত ও ৯ জন নিহত হয়েছেন। এছাড়া বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত হয়েছেন ১০৯ জন, নিহত ৫ জন; বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে আহত ১৫৬ জন, নিহত ২ জন। অন্যান্য দলীয় সংঘর্ষে আহত হয়েছেন আরও কয়েকজন।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে বিএনপির ১৩ জন, জামায়াতের দুইজন, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক দলের দুইজন এবং একজন সাধারণ নাগরিক রয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও একজন কিশোর রয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্চ মাসে রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে ২৮টির বেশি মামলা দায়ের করা হয়েছে। এর ফলে অন্তত ২২৫ জন গ্রেপ্তার হয়েছেন। আওয়ামী লীগের অন্তত ১১০ জন, বিএনপির ৮৫ জন, জামায়াতের ২০ জন ও জাতীয় নাগরিক পার্টির আটজন এই গ্রেপ্তার হয়েছেন বলে প্রতিবেদনে জানা যায়। এছাড়া সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে প্রায় দেড় হাজার ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। গণপিটুনি ও মব সহিংসতার ঘটনায় ২৫টি ঘটনায় অন্তত ১৩ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন। এছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে ৩৪ টি ঘটনায় মোট ৫৯ জন সংবাদকর্মী হয়রানির শিকার হয়েছেন। এদের মধ্যে ৩৩ জন আহত, তিন জন লাঞ্ছিত এবং ১২ জন হুমকির মুখে পড়েছেন।
কারাগারে মৃত্যু বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মার্চে অন্তত ১২ জন কয়েদি মারা গেছেন। এর মধ্যে দুইজন রাজনৈতিক নেতাকর্মী এবং ১০ জন সাধারণ কয়েদি।
এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম মন্তব্য করেছেন, নির্বাচনী সহিংসতা, মব সহিংসতা, হেফাজতে মৃত্যু এবং মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ অব্যাহত থাকলে মানবাধিকার পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।