কোরবানি ঈদের পর দ্রুত সময়ে দলের কেন্দ্রীয় কাউন্সিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ ছাড়া নির্বাচনের আগে দেওয়া যেসব প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি, তা বাস্তবায়নের দ্রুত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে দলটি। গতকাল শনিবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে দলটির একটি নির্ভরযোগ্য সূত্র।
প্রায় তিন মাস পর অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচনের পর এটিই প্রথম বৈঠক। সবশেষ নির্বাচনের আগে গত ৯ জানুয়ারি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
বৈঠক সূত্র জানায়, স্থায়ী কমিটির বৈঠকে সরকারের ৪৭ দিনের কর্মসূচি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। ফ্যামিলি কার্ড, খাল খনন, কৃষক কার্ডসহ কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় সন্তোষ প্রকাশ করেন স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় তারা নির্বাচনের বাকি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে দ্রুতই উদ্যোগ গ্রহণ করতে হবে বলে মতামত দেন।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা বলেন, জনগণের কাছে দেওয়া নির্বাচনের কিছু কমিমেন্ট বাস্তবায়ন শুরু হয়ে গেছে। বাকি প্রতিশ্রুতিগুলোও বাস্তবায়ন করতে হবে। এতে বিএনপি সরকারের কার্যক্রম ঠিকঠাক মতো চলে। সরকারের ওপর জনগণের বিশ্বাস আরও বৃদ্ধি পাবে।
বৈঠক সূত্র আরও জানায়, দল ও সংগঠনের পুনর্গঠন এবং সাংগঠনিক কর্মকা- জোরদার, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি সংকটের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কোরবানি ঈদের আগে বিএনপি কেন্দ্রীয় কাউন্সিল করার মতো সময় নেই বলে বেশিরভাগ সদস্য মতামত দেন। পরে কোরবানি ঈদের পর দ্রুত কাউন্সিল করার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে সুনির্দিষ্ট মাস নিয়ে কোনো আলোচনা হয়নি।
বৈঠক সূত্র জানায়, সংরক্ষিত আসনে সংসদ সদস্যদের বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশনের তফসিলের পর এ বিষয়টি আবার আলোচনা হবে। এ ছাড়া দেশে এপ্রিল পর্যন্ত কোনো জ্বালানি সংকট নেই বলে বৈঠকে জানান বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দলকে শক্তিশালী করতে দ্রুততম সময়ে কাউন্সিল করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। পাশাপাশি সরকারের ৪৭ দিনের কর্মসূচি নিয়ে পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়েছে। কিছু সদস্য কয়েকটি বিষয়ে পরামর্শ দিয়েছে। কোরবানি ঈদের আগে কাউন্সিল সম্ভব হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, আগে কোনোভাবেই সম্ভব হবে না। আমাদের কয়েক মাস সময় লাগবে।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়াল), মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান (ভার্চুয়াল), ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) ও ডা. এজেডএম জাহিদ হোসেন।
স্থায়ী কমিটির বৈঠকের আগে গুলশান কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত ১৪ জেলা পরিষদের প্রশাসক।