বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, গত মার্চ মাসে দেশে ৬১৬টি সড়ক দুর্ঘটনায় ৬১৯ জন নিহত এবং ১ হাজার ৫৪৮ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনটির প্রকাশিত তথ্য অনুযায়ী সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৬৭০টি দুর্ঘটনা ঘটেছে, এতে ৬৮২ জন নিহত হয়েছেন এবং ১ হাজার ৭৯৬ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩৭ জন নিহত হয়েছেন এবং ১৯৭ জন আহত হয়েছেন। যা মোট নিহতের প্রায় ৩৮ দশমিক ৬১ শতাংশ। সংগঠনটি জানিয়েছে, দেশের জাতীয়, আঞ্চলিক এবং অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথ দুর্ঘটনার খবর পর্যবেক্ষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। মার্চ মাসের দুর্ঘটনা পর্যালোচনায় যাত্রী কল্যাণ সমিতি উল্লেখ করেছে, এ মাসে সর্বাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এখানে ১৬০টি দুর্ঘটনায় ১৭০ জন নিহত এবং ৩২০ জন আহত হয়েছেন। অন্যদিকে সর্বনিম্ন সড়ক দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে, যেখানে ৩০টি দুর্ঘটনায় ২৭ জন প্রাণ হারিয়েছেন এবং ১২২ জন আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে ৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৫৭ জন গাড়িচালক, ৯০ জন পথচারী, ১৭ জন পরিবহন শ্রমিক, ৬৮ জন শিক্ষার্থী, ১৫ জন শিক্ষক, ৭৮ জন নারী এবং ৮৬ জন শিশু রয়েছে। এ ছাড়া চারজন সাংবাদিক, তিনজন চিকিৎসক, একজন বীর মুক্তিযোদ্ধা, একজন আইনজীবী, তিনজন প্রকৌশলী এবং ১৩ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীও আহতদের মধ্যে রয়েছেন। দুর্ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে ৫ জন পুলিশ সদস্য, একজন আনসার, একজন বিজিবি সদস্য এবং একজন ফায়ার সার্ভিস সদস্য রয়েছেন।