মদ্রিচ বলল আমি ভালো খেলছি আর আমার দাঁড়ি-গোঁফ বড় হচ্ছে: এনদ্রিক

গত মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয়ে ব্রাজিলের জয়ের নায়ক ছিলেন এনদ্রিক। বদলি হিসেবে মাঠে নেমে পেনাল্টি আদায় এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলের নেপথ্যে কারিগর হয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, কেন তাকে ফুটবলের পরবর্তী বড় তারকা ভাবা হয়। বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের এই প্রস্তুতি ম্যাচে জয়কে ‘মিশন সম্পন্ন’ হিসেবে দেখছেন এই তরুণ তুর্কি।

ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে এনদ্রিক বলেন, ‘ম্যাচের ঠিক পরেই কোন মুভটা ঠিক ছিল আর কোনটা ভুল, তা বলা কঠিন। আমরা সবাই একে অপরকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানাচ্ছিলাম। দর্শকদের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছিল, ওই দিনের মিশনটা আমরা সফলভাবে শেষ করতে পেরেছি।’

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থ লুকা মদ্রিচের সঙ্গে এনদ্রিককে দীর্ঘক্ষণ হাসাহাসি করতে দেখা যায়। সেই রহস্য ভাঙলেন এনদ্রিক নিজেই। মজার ছলে তিনি বলেন, ‘মদ্রিচ খুব আমুদে মানুষ। সে এসে আমাকে বলছিল যে লিওঁতে আমি খুব ভালো খেলছি, আর আমার দাড়ি-গোঁফ নাকি বড় হচ্ছে!’

রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির অধীনে কাজ করার অভিজ্ঞতা এনদ্রিকের আগে থেকেই ছিল। এবার জাতীয় দলেও সেই চেনা গুরুকে পেয়ে উচ্ছ্বসিত তিনি। যদিও রিয়ালের মতো এখানেও তাকে অধিকাংশ সময় বদলি হিসেবে নামতে হচ্ছে, তবে ইতালিয়ান এই কোচের ওপর এনদ্রিকের অগাধ আস্থা।

এনদ্রিকের ভাষ্যে, ‘আনচেলত্তির সঙ্গে আমার সম্পর্ক সবসময়ই দারুণ। তিনি যেখানেই গিয়েছেন সেখানেই চ্যাম্পিয়ন হয়েছেন, কারণ তিনি জানেন কীভাবে একজন খেলোয়াড়ের কাছ থেকে সেরাটা বের করে আনতে হয়। তার অধীনে দলের পরিবেশ খারাপ হওয়ার কোনো সুযোগই নেই।’

ক্রোয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত খেললেও বিশ্বকাপে নিজের জায়গা এখনো ‘নিশ্চিত’ বলে মনে করেন না সাবেক পালমেইরাস তারকা। তার মতে, ফুটবলে কোনো কিছুই আগে থেকে নিশ্চিত নয়। এনদ্রিক বলেন, ‘আমি প্রতিদিন সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে ঘুমাতে যাই, কিন্তু সকালে ঘুম থেকে উঠি এই জেদ নিয়ে যে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। ফুটবলে কেউ যদি মনে করে তার জায়গা নিশ্চিত, তবে সে ভুল করবে। আপনাকে প্রতিদিন নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে।’

আগামী ১৮ মে আনচেলত্তি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন। ক্রোয়েশিয়া ম্যাচের এই পারফরম্যান্স এনদ্রিককে সেই তালিকায় যে অনেকটাই এগিয়ে দিল, তা বলার অপেক্ষা রাখে না।