এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বড় অঘটনের শিকার হলো প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল। সাউদাম্পটনের মাঠে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল মিকেল আরতেতার শিষ্যরা। শিয়া চার্লসের শেষ মুহূর্তের নাটকীয় গোলে গানার্সদের ঘরোয়া ‘ডাবল’ জয়ের স্বপ্ন ধূলিসাৎ করে সেমিফাইনাল নিশ্চিত করল ‘সেইন্টস’রা।
কারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হারের ক্ষত এখনো শুকায়নি, তার ওপর আন্তর্জাতিক বিরতিতে চোটের কারণে ১১ জন খেলোয়াড়ের ছিটকে যাওয়া—সব মিলিয়ে আর্সেনাল ছিল বেশ চাপে। তবুও মার্টিন ওডেগার্ড, কাই হাভার্টজ ও গ্যাব্রিয়েল মাগাহায়েসদের নিয়ে শক্তিশালী একাদশই মাঠে নামিয়েছিলেন আরতেতা। কিন্তু সেন্ট মেরি’স স্টেডিয়ামে সাউদাম্পটনের অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানতে হলো তাদের।
চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে ওঠার লড়াইয়ে থাকা সাউদাম্পটন এই ম্যাচের আগে টানা ১৪ ম্যাচ অপরাজিত ছিল। তাদের দ্রুতগতির কাউন্টার অ্যাটাক শুরু থেকেই আর্সেনাল রক্ষণভাগকে ব্যস্ত রাখে। ম্যাচের ৩৫ মিনিটে জেমস ব্রির ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হন বেন হোয়াইট, আর সেই সুযোগে দুর্দান্ত ফিনিশিংয়ে সাউদাম্পটনকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন রস স্টুয়ার্ট।
ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধে ভিক্টর জিয়োকেরেস ও ননি মাদুয়েকেদের মাঠে নামান আরতেতা। ৬৮ মিনিটে গ্যাব্রিয়েলের পাসে কাই হাভার্টজের কাটব্যাক থেকে গোল করে আর্সেনালকে ১-১ সমতায় ফেরান জিয়োকেরেস। কিন্তু সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের শেষ দিকে বদলি খেলোয়াড় শিয়া চার্লস টম ফেলোসের পাস থেকে নিঁখুত শটে গোল করে গ্যালারিতে উন্মাদনা ছড়িয়ে দেন।
ম্যাচের বাকি সময়ে আর্সেনাল মরিয়া হয়ে আক্রমণ করলেও সাউদাম্পটনের রক্ষণভাগ ভাঙতে পারেনি। ২০২১ সালের পর এই প্রথম এফএ কাপের সেমিফাইনালে পা রাখল সাউদাম্পটন। অন্যদিকে, প্রিমিয়ার লিগে শীর্ষে থাকলেও কাপ টুর্নামেন্টগুলো থেকে একে একে বিদায় নেওয়া আরতেতার দলের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
চেলসির পর দ্বিতীয় দল হিসেবে ওয়েম্বলির টিকিট নিশ্চিত করল সাউদাম্পটন। এখন দেখার বিষয়, আর্সেনাল এই ধাক্কা সামলে লিগ শিরোপার দৌড়ে নিজেদের কতটুকু ধরে রাখতে পারে।
বিস্ময়কর পরাজয়ে আর্সেনালের বিদায়; সেমিতে সাউদাম্পটন
ব্রাজিলিয়ান ম্যাজিকে পোর্ট ভেলকে ৭ গোল দিয়ে সেমিফাইনালে চেলসি