৫ উইকেট শিকারের রেকর্ড ছুঁয়ে মৌসুম শুরু ৪৩ বছরের তরুণ অ্যান্ডারসনের

৪৩ বছর বয়সেও বল হাতে ২২ গজে আগুন ঝরাচ্ছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। ছয় মাস পর পেশাদার ক্রিকেটে ফিরেই কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়ে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এই অর্জনে তিনি পাশে বসেছেন রবিচন্দ্রন অশ্বিন, রিচি বেনো এবং জন স্নোর মতো কিংবদন্তিদের।

নর্দাম্পটনশায়ারের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ৫৬তম বারের মতো এক ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেছেন অ্যান্ডারসন। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৬বার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়ার রিচি বেন এবং ইংল্যান্ডের জন স্নো। এর আগে ২০২৪ সালে নটিংহ্যামশায়ারের বিপক্ষে শেষবার ৫ উইকেট পেয়েছিলেন অ্যান্ডারসন।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অ্যান্ডারসনের নেতৃত্বাধীন ল্যাঙ্কাশায়ার। লুক ওয়েলস (৮৭), জশ বোহানন (৯০) এবং মাইকেল জোন্সের (৭১) হাফ সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংসে ৩৮৪ রান সংগ্রহ করে তারা। নর্দাম্পটনশায়ারের পক্ষে বেন স্যান্ডারসন ৭৯ রানে ৫ উইকেট নেন। জবাবে ব্যাটিং করতে নেমে অ্যান্ডারসনের তোপের মুখে পড়ে স্বাগতিক নর্দাম্পটনশায়ার।

টম বেইলির সঙ্গে বোলিং আক্রমণ শুরু করে শুরুতেই প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলেন অ্যান্ডারসন। এক পর্যায়ে ৪১ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে নর্দাম্পটনশায়ার। লুইস কিম্বারের দ্রুতগতির ৩৩ রানের ইনিংসটি থামিয়ে দিয়ে নিজের ৫৬তম পাঁচ উইকেট পূর্ণ করেন অ্যান্ডারসন। খরচ করেছেন মাত্র ৬৪ রান। নর্দাম্পটনশায়ার ২১১ রানে ৯ উইকেট হারিয়ে ফলো-অনের শঙ্কায় রয়েছে। ফলো-অন এড়াতে এখনো ৩৪ রান করতে হবে, হাতে আছে মাত্র ১ উইকেট।