ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি জেমস অ্যান্ডারসন পেয়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মান ‘নাইটহুড’। মঙ্গলবার উইন্ডসর ক্যাসেলে প্রিন্সেস রয়্যালের হাত থেকে এই খেতাব গ্রহণ করেন ৪৩ বছর বয়সী সাবেক এই তারকা পেসার। এখন থেকে তার নামের আগে যুক্ত হবে 'স্যার' উপাধি।
ক্রিকেটে অবদানের জন্য অ্যান্ডারসনকে এই সম্মাননা দেওয়া হয়েছে। ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন—যা ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ এবং বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। তার ওপরে আছেন কেবল শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন (৮০০) ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন (৭০৮)। উইকেট শিকারের দিক দিয়ে বিশ্বের আর কোনো পেসার তার ধারেকাছেও নেই।
গত বছর জুলাইয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও নিজের জন্মস্থান ল্যাঙ্কাশায়ারের হয়ে এখনো ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন অ্যান্ডারসন। ইংল্যান্ডের এই গতিতারকার সঙ্গে ২০২৬ মৌসুম পর্যন্ত চুক্তি নবায়ন করতে চায় ল্যাঙ্কাশায়ার। যদি চুক্তি নবায়ন হয়, তবে ৪৪ বছর বয়সেও মাঠে দেখা যাবে এই কিংবদন্তিকে। তার শৈল্পিক সুইং, নিখুঁত লাইন-লেংথ এবং দীর্ঘস্থায়ী ফিটনেস তাকে আধুনিক যুগেও অনন্য করে তুলেছে।
কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করে বাদ পড়ার ব্যখ্যা চাইলেন রিজওয়ান
ফেরার ম্যাচে বাবর আজমের 'ডাক', পাকিস্তান হারলো ৫৫ রানে