সৈকতের আবাসিক হোটেল থেকে ১৪ তরুণ-তরুণী আটক

চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকতের 'সাগর ছায়া' নামের একটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ১৪ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

রবিবার (৫ এপ্রিল) বেলা ২টার দিকে কর্ণফুলী থানাধীন বন্দর পুলিশ ফাঁড়ির একটি টিম তাদের আটক করে। আটককৃত তরুণ-তরণীরা দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা। পরে যাচাই-বাছাই করে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সাগর ছায়া আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ চলে আসছে। হোটেলের কর্মচারীরা রাস্তায় দাঁড়িয়ে থেকে পারকি সৈকতে বেড়াতে আসা পর্যটকদের ডাকাডাকিও করেন। এর আগে গত ১৯ ডিসেম্বর পারকি সমুদ্র সৈকতের রয়্যাল কমিউনিটি সেন্টার ও সাগর ছায়া হোটেলের ম্যানেজার তুলাশ দাশকে (৪০) গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। আবাসিক হোটেলটির বিরুদ্ধে প্রভাব খাটিয়ে পারকি সমুদ্র সৈকতের সরকারি জমি দখলে নিয়ে যাতায়াতের জন্য সড়ক নির্মাণের অভিযোগও রয়েছে।এছাড়াও সাগর পথে পারকি সমুদ্রসৈকতে আসা রোহিঙ্গা নারীরাও তার হোটেলে আশ্রয় নেয় বলে অভিযোগ রয়েছে।

এ বষিয়ে জানতে চাইলে সাগর ছায়ার মালিক মো. এহাসান আটকের বিষয়টি স্বীকার করে বলেন, আটককৃতদের সন্দেহজনক ভাবে ধরে নিয়ে গেছে, তাদের কাগজপত্র রয়েছে।

বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল-নোমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জন নারী-পুরুষকে আটক করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।