সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করার দায়ে গাইবান্ধায় ‘মেসার্স রুহুল ট্রেডার্স’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানমালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয় কর্তৃপক্ষ এ জরিমানা করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার (৫এপ্রিল) বিকেলে শুনানি শেষে এ জরিমানা করেন অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
অভিযোগসূত্রে জানা যায়, গত ১এপ্রিল শহরের জেলা স্টেডিয়াম সংলগ্ন ‘মেসার্স রুহুল ট্রেডার্স’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার ১৮৫০ টাকায় কেনেন রওশন হাবিব নামের একজন সংবাদকর্মী। পরে ওইদিনই এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার (৫এপ্রিল) বিকেলে দু’পক্ষ ছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে জেলা কার্যালয়ে শুনানির আয়োজন করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়ায় মেসার্স রুহুল ট্রেডার্স নামে ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা জেলার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ‘মেসার্স রুহুল ট্রেডার্স’র স্বত্বাধিকারী রুহুল আমিন বাবুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি সম্পূর্ণ অবৈধ। ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এদিকে শুনানির রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অভিযোগকারী রওশন হাবিব। তিনি দাবি করেন, অভিযুক্ত প্রতিষ্ঠান শুনানিতে যেসব কাগজপত্র প্রদর্শন করেছে, সেগুলো মূল কপি ছিল না। তিনি অভিযোগ করেন, নথিগুলো কম্পিউটারের দোকান থেকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। সঠিক বিচার পাননি উল্লেখ করে তিনি এই আদেশের বিরুদ্ধে পরবর্তী উচ্চতর পর্যায়ে আপিল করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।