গাজায় বিমান হামলায় নিহত ৪

ফিলিস্তিনের অবরুদ্ধ অঞ্চল গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। গতকাল রবিরাব গাজার সিভিল ডিফেন্স সংস্থা স্থানীয় স্বাস্থ্য কর্র্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজার দাররাজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত বছরের অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতির পরও হামাস এবং ইসরায়েল একে অন্যকে চুক্তি লঙ্ঘনের জন্য দায়ী করে আসছে। গাজার আল-শিফা হাসপাতালও একই তথ্য নিশ্চিত করেছে। হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়, বেসামরিক মানুষের একটি দলকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান থেকে দুটি হামলা হয়। এতে চারজন শহীদ ও পাঁচজন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ৭ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে এই সংখ্যার মধ্যে বেসামরিক ও যোদ্ধাদের আলাদা করে উল্লেখ করা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী হামাসকে নিরস্ত্র হওয়ার কথা থাকলেও সংগঠনটি তা মানতে অস্বীকৃতি জানায় । এতে চুক্তির বাস্তবায়নে বাধাগ্রস্ত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ইসরায়েল বলেছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে তাদের পাঁচজন সেনা নিহত হয়েছেন। গাজায় গণমাধ্যমের ওপর বিধি-নিষেধ থাকায় হতাহতের সংখ্যা বা যুদ্ধের পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।