বাবরের নতুন লক্ষ্য মাকালু

বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বত মাকালু জয়ের লক্ষ্য নিয়েছেন বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী। এর আগে ৮ হাজার মিটারের চারটি শৃঙ্গ জয় করা এই পর্বতারোহী এবার ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার এ পর্বত জয় করবেন।

 গতকাল রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে ভার্টিকাল ড্রিমার্স আয়োজিত ‘এক্সপিডিশন মাকালু : দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন বাবর আলী।

এতে জানানো হয়, আগামীকাল ৭ এপ্রিল নেপালের উদ্দেশে দেশ ছাড়বেন বাবর আলী। কাঠমান্ডু হয়ে টুমলিংটার পৌঁছে সেখান থেকে কয়েক দিনের ট্রেকিং শেষে বেজক্যাম্পে যাবেন। এরপর ধাপে ধাপে বিভিন্ন ক্যাম্পে ওঠানামার মাধ্যমে শরীরকে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। সেখান থেকেই শুরু হবে মূল অভিযান। পুরো অভিযানে সময় লাগতে পারে প্রায় দুই মাস। আবহাওয়া অনুকূলে থাকলে মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে চূড়ায় আরোহণের চেষ্টা করবেন তিনি।

বাবর আলী বলেন, বিশ্বের ১৪টি ৮ হাজার মিটার উচ্চতার পর্বত জয়ের স্বপ্ন তার দীর্ঘদিনের। মাকালু সেই স্বপ্নের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শুরুতে পাকিস্তানের নাঙ্গা পর্বত লক্ষ্য থাকলেও অর্থসংকট ও পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে বিদ্যমান উত্তেজনার কারণে পরিকল্পনা পরিবর্তন করে মাকালুকে বেছে নিয়েছি।

তিনি বলেন, ‘মাকালুকে কঠিন করে তুলেছে এর ওঠার পথ। এভারেস্টের মতো এখানে নির্দিষ্ট পথ বা সাপোর্ট খুব একটা পাওয়া যায় না। অনেক জায়গায় প্রায় খাড়া বরফের ঢাল বেয়ে উঠতে হয়। আবহাওয়াও মুহূর্তেই বিরূপ হয়ে উঠতে পারে। তাই এই পর্বতে ওঠা মানে শুধু শক্তি নয়; অভিজ্ঞতা, কৌশল ও মানসিক স্থিরতার সমন্বয় প্রয়োজন।’

ভার্টিকাল ড্রিমার্সের সভাপতি ও অভিযানের ব্যবস্থাপক ফরহান জামানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ক্লাবের উপদেষ্টা শিহাব উদ্দীন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজুয়াল নেটওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নুর ফয়সাল। এ সময় বাবর আলীর হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।

পর্বতারোহী ডা. বাবর আলী ২০২৪ সালের ১৯ মে জয় করেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। দুদিনের মাথায় চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসের চূড়ায় পৌঁছেছেন তিনি। আর এর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে এক অভিযানে হিমালয়ের দুই শৃঙ্গ জয়ের রেকর্ড গড়েন চট্টগ্রামের এই পর্বতারোহী। পর্বতারোহণের পরিভাষায় যাকে বলা হয় ‘ডাবল হেডার’। এরপর ২০২৫ সালের এপ্রিলে বিশ্বের অন্যতম বিপজ্জনক পর্বত অন্নপূর্ণা-১ জয় করেন। সেপ্টেম্বরে আরোহণ করেন নেপালের অষ্টম সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট মানাসলু। এই অভিযানে তিনি গড়েন নতুন ইতিহাস প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়া ৮ হাজার মিটার উচ্চতার শৃঙ্গ জয় করেন। এর আগেই ২০২২ সালে তিনি প্রথম বাঙালি হিসেবে জয় করেন আমা দাবলাম। পরপর এসব সাফল্যের মাধ্যমে ডা. বাবর আলী ৮ হাজার মিটারের চারটি শৃঙ্গ জয় করেছেন এবং লক্ষ্য রেখেছেন বিশ্বের ১৪টি ৮ হাজারি শৃঙ্গ আরোহণের।