সাফ ট্রফি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান চ্যাম্পিয়নরা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অপরাজিত শিরোপাজয়ী বাংলাদেশ ফুটবল দলকে জমকালো সংবর্ধনা ও আর্থিক সম্মাননা প্রদান করেছে সরকার। আজ আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী ফুটবলারদের হাতে এই পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এই ঐতিহাসিক অর্জনের স্বীকৃতি হিসেবে দলের প্রতিটি খেলোয়াড় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে ১ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। 

সাফ অনূর্ধ্ব-২০ জয়ীদের সংবর্ধনা দেয় ক্রীড়া মন্ত্রণালয়

পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি ব্যক্ত করেন দলের অধিনায়ক মিঠু চৌধুরী। তিনি এই বিজয়কে নতুন বাংলাদেশের ফুটবলের এক উজ্জ্বল সূচনা হিসেবে অভিহিত করে বলেন, 'নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ফুটবল দল হিসেবে আমরাই প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা জিতলাম। আমাদের পুরো দলের একটি বিশেষ ইচ্ছা আছে—আমরা এই ট্রফিটি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চাই। ওনার সাথে দেখা করে এই অর্জনের আনন্দ ভাগ করে নেওয়া আমাদের জন্য বড় অনুপ্রেরণা হবে।'

দলের সুযোগ-সুবিধা ও পরিচর্যা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন মিঠু। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, 'তাবিথ আউয়াল স্যার আমাদের প্রতিটি দাবির প্রতি খেয়াল রাখছেন। জাতীয় দলের মতো আমাদেরও উন্নত মানের ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। ফেডারেশন থেকে এমন পেশাদার পরিবেশ ও সমর্থন অব্যাহত থাকলে আমরা ভবিষ্যতে দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনতে পারব।"