৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে পিরোজপুরে টাস্কফোর্স সভা

সামুদ্রিক জলসীমায় আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে পিরোজপুরে জেলা টাস্কফোর্স কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আয়োজিত এ সভার আয়োজন করে পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা। এতে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্ন্যামত, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. ইকবাল কবির, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আমিনুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের জেলা সভাপতি তরিকুল ইসলাম নজিবুল এবং বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির জেলা আহ্বায়ক মো. মনিরুজ্জামান ফরাজীসহ সংশ্লিষ্টরা।

সভায় বক্তারা বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের এই নিষেধাজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় নিষেধাজ্ঞা চলাকালে প্রকৃত মৎস্যজীবীদের সহায়তা নিশ্চিত করতে সরকারিভাবে বরাদ্দকৃত চাল বিতরণ করা হবে।

বক্তারা আরও বলেন, নিষেধাজ্ঞা সফল করতে সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সভা শেষে নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়নে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।