কেন অবসরের সুর অপর্ণা সেনের!

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক ও অভিনেত্রী অপর্ণা সেনের গলায় এবার অবসরের সুর। ‘৩৬ চৌরঙ্গী লেন’, ‘পরমা’ বা ‘পারমিতার এক দিন’-এর মতো কালজয়ী ছবির এই স্রষ্টা ৮০ বছর বয়সে দাঁড়িয়ে এক সাক্ষাৎকারে নিজের অভিমান ও আশঙ্কার কথা শেয়ার করে নিয়েছেন। তার সাফ কথা, বর্তমান পরিস্থিতিতে আর হয়ত ছবি পরিচালনা করবেন না তিনি। 

সম্প্রতি ‘স্ট্রেট আপ উইথ শ্রী’-তে দেওয়া একটি সাক্ষাৎকারে অপর্ণা সেন বাংলা চলচ্চিত্র জগতের বর্তমান অবস্থা নিয়ে কড়া সমালোচনা করেন। তার মতে, বাংলা ইন্ডাস্ট্রি এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি মনে করেন, টেলিভিশন ইন্ডাস্ট্রি হয়তো টিকে যাবে এবং অনেক মানুষের কর্মসংস্থানও হবে, কিন্তু সিরিয়াল বা মেগা ধারাবাহিকগুলো দর্শকদের রুচি নষ্ট করে দিচ্ছে। অপর্ণা প্রশ্ন তুলেছেন, ‘আমি কার জন্য ছবি বানাব? আমার দর্শক কোথায়? সবাই তো এখন টিভিতে মজে আছে। তাই আর ছবি বানানোর উৎসাহ পাচ্ছি না।’ 

অপর্ণা সেনের শেষ পরিচালিত ছবি ‘দ্য র‍্যাপিস্ট’ নিয়ে তিনি চিন্তায় রয়েছেন। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলেও, ছবিটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তা তিনি জানেন না। তিনি জানান, এমনকি ওটিটি প্ল্যাটফর্মগুলোও এখন সিরিয়াস গল্পের বদলে হাসিখুশি বা রোমান্টিক কমেডি বেশি পছন্দ করছে। তিনি আক্ষেপের সুরে বলেন, ‘হয়ত আমার অনেক কিছু বলার আছে, কিন্তু শুনবে কে? একটা ছোট অংশের দর্শক হয়ত আছে, কিন্তু সেটা কি যথেষ্ট?’