কিটামিন প্রস্তুতের ল্যাবসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

ভয়ানক মাদক কিটামিন প্রস্তুতের একটি ল্যাবসহ ৩ জন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়।

আজ সোমবার রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএনসির উপ-পরিচালক মেহেদী হাসান এক বার্তায় জানিয়েছেন।

তিনি জানান, ভয়ানক মাদক কিটামিন প্রস্তুতের ল্যাবসহ তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার তদন্তকাজে অগ্রগতি হয়েছে। চক্রটি ক্রিপ্টোকারেন্সিতে কিটামিনের লেনদেন করতেন। তাদের কাছ থেকে ক্রিপ্টো ওয়ালেট জব্দ করা হয়েছে।

তিনি জানান, রাজধানীতে পৃথক অভিযানে ৩২ হাজার পিস ইয়াবা ও ৪০০গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়। এসব বিষয়ে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসি প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। সেখানে কিটামিন প্রস্তুত ল্যাবের কার্যক্রম, গ্রেপ্তার চীনা নাগরিকদের ভূমিকা, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মাদক লেনদেনের কৌশল এবং সাম্প্রতিক অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানানো হয়েছে।