পরপর দুই ম্যাচ হারার পরও এএফসি অনূর্ধ্ব-২০ ওমেন্স এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে জোর সম্ভাবনা আছে বাংলাদেশের। থাইল্যান্ডে আজ ভিয়েতনামকে হারালেই তৃতীয় স্থান পাওয়া দুই দলের একটি হিসাবে শেষ আটে নাম লেখাবে বাংলাদেশ।
গাণিতিক হিসাবে সরাসরি কোয়ার্টার ফাইনালের অঙ্ক মেলানোর কথা হয়তো বলা ঠিক হচ্ছে না। তবে তিন গ্রুপের দুই ম্যাচ শেষে বাংলাদেশের যে অবস্থান, তাতে একটা জয়েই লক্ষ্যপূরণ হওয়ার প্রবল সম্ভাবনা পিটার বাটলারদের সামনে। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ব্যাংককের নানথাবুড়ি স্টেডিয়ামে তাই ইতিহাসে নাম লেখানোর লক্ষ্য নিয়ে নামবেন সাগরিকা, অর্পিতা বিশ্বাসরা।
এ গ্রুপ থেকে ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে চীন ও স্বাগতিক থাইল্যান্ডের। দুদলই তাদের প্রথম দুই ম্যাচে হারিয়েছে বাংলাদেশ ও ভিয়েতনামকে। তবে বাংলাদেশের সুবিধা হলো হারলেও ভিয়েতনামের চেয়ে কম গোল হজম করে তিনে রয়েছে। দুই ম্যাচে বাংলাদেশ ২ গোল দেওয়ার বিপরীতে হজম করে ৫ গোল। অর্থাৎ তাদের গোল গড় মাইনাস ৩। অন্যদিকে ভিয়েতনাম দুই ম্যাচে ৭ গোল খেয়ে করেছে মাত্র ১ গোল।
বি ও সি গ্রুপের অবস্থা এ গ্রুপের মতো। ইতিমধ্যে এ দুই গ্রুপ থেকে কোয়ার্টার নিশ্চিত করে ফেলেছে চার দল। তৃতীয় স্থানে যে দুদল আছে, তাদের চেয়ে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। বি গ্রুপে তৃতীয় স্থানে থাকা উজবেকিস্তানের গোল গড় মাইনাস ৮। আর সি গ্রুপের তিন নম্বর দল চাইনিজ তাইপের মাইনাস ৭।
আজ ও আগামীকাল গ্রুপ সেরার লড়াই থেকে ছিটকে যাওয়া দলগুলো মুখোমুখি হবে একে অপরের। বাংলাদেশ যদি জয় পায়, তবে শ্রেয়তর গোল গড়ের সুবিধা নিয়ে নাম লেখাবে শেষ আটে। ড্র হলেও সম্ভাবনা থাকবে। তবে হেরে গেলে বিদায় নিতে হবে।
অনূর্ধ্ব-২০ পর্যায়ে এর আগে ভিয়েতনামের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। তবে ২০২৩ সালে হ্যাংঝু এশিয়াডে দুই দেশের সিনিয়র দলের লড়াইটা বাংলাদেশ অবশ্য ভুলে যেতে চাইবে। সেই ম্যাচে ভিয়েতনামের কাছে হারটা ৬-১ ব্যবধানে। তবে তিন বছরে বাংলাদেশের নারী ফুটবলে অনেক পরিবর্তন এসেছে, অনেক উন্নতিও করেছে তারা। তাই বাটলারের এ দল নিয়ে আশা করাই যেতে পারে। কোচ পিটার বাটলার সেরা প্রস্তুতি নিয়ে মাঠে নামার কথা বলেছেন। ভিয়েতনামের আগের দুই ম্যাচের পারফরম্যান্সেই জয়ের একটা আত্মবিশ্বাস দলের মধ্যে তৈরি হওয়ার কথা বলেছেন কোচ।
গত মাসে অস্ট্রেলিয়ায় সিনিয়র দলের অভিষেক হয়েছিল এশিয়ান কাপে। সে আসরে অবশ্য কোয়ার্টারের স্বপ্নপূরণ হয়নি শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে হেরে। এবার অনূর্ধ্ব-২০ দলের সামনে একই সুযোগ। ভিয়েতনামকে হারালেই হবে ইতিহাস।