স্মিথকে সিঙ্গেল দিলেন না ফারহান, বাবরকে অপমানের প্রতিশোধ?

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এখন মাঠের পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনা হচ্ছে একটি ‘ডট বল’ নিয়ে। মুলতান সুলতানসের ওপেনার সাহেবজাদা ফারহান অজি তারকা স্টিভ স্মিথকে সিঙ্গেল নিতে না দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে ট্রল আর হাসির জোয়ার। ভক্তদের দাবি, বিগ ব্যাশ লিগে বাবর আজমের সঙ্গে স্মিথ যা করেছিলেন, ফারহান যেন ঠিক তারই ‘মধুর প্রতিশোধ’ নিলেন।

রোববার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচের তৃতীয় ওভারের শেষ বলে এই ঘটনা ঘটে। দারুণ ছন্দে থাকা স্টিভ স্মিথ চাচ্ছিলেন শেষ বলে এক রান নিয়ে পরের ওভারেও স্ট্রাইক ধরে রাখতে। কিন্তু নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা সাহেবজাদা ফারহান দৌড়াতে অস্বীকৃতি জানান। এতে কিছুটা বিরক্ত ও হতাশ দেখায় স্মিথকে।

এই দৃশ্য দেখে ক্রিকেটপ্রেমীদের মনে পড়ে গেছে গত জানুয়ারির বিগ ব্যাশ লিগের (বিবিএল) সেই আলোচিত ঘটনা। সিডনি সিক্সার্সের হয়ে খেলার সময় স্মিথ ঠিক একইভাবে বাবর আজমকে সিঙ্গেল নিতে দেননি। পাওয়ার সার্জের সময় স্ট্রাইক ধরে রাখতে বাবরকে ফিরিয়ে দিয়েছিলেন স্মিথ, যার কিছুক্ষণ পরই বাবর আউট হয়ে যান। সেই সময় বাবরের সেই হতাশ মুখচ্ছবি ভক্তদের বেশ পুড়িয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকেরা ফারহানের এই কাণ্ডকে ‘বাবার আজমের অপমানের বদলা’ হিসেবে অভিহিত করছেন। কেউ কেউ একে দেখছেন ক্রিকেটীয় নিয়তি হিসেবে। এক ভক্ত টুইটারে লিখেছেন, “স্মিথ যা বাবরকে দিয়েছিলেন, আজ ফারহানের কাছ থেকে ঠিক সেটিই ফেরত পেলেন।”

অবশ্য এই ছোটখাটো ঘটনা মুলতান সুলতানসের জয়যাত্রায় কোনো প্রভাব ফেলেনি। সেই ম্যাচে ৩৫ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন স্মিথ। এর পরের দিন রাওয়ালপিন্ডির বিপক্ষে ম্যাচে সাহেবজাদা ফারহান নিজেও ৩৮ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

মাঠের লড়াইয়ে মুলতান সুলতানস এখন পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও, স্মিথ আর ফারহানের এই ‘সিঙ্গেলকাণ্ড’ পিএসএল ছাপিয়ে এখন বিশ্ব ক্রিকেটের খোরাক হয়ে দাঁড়িয়েছে।