আধুনিক ফুটবলে ম্যারাডোনা প্রতি মৌসুমে হাজার গোল করতেন: বাজ্জিও

লিওনেল মেসি নাকি ডিয়েগো ম্যারাডোনা—সর্বকালের সেরা কে? ফুটবল বিশ্বের এই চিরন্তন বিতর্কে এবার ঘি ঢেলে দিলেন ইতালির সাবেক মিডফিল্ডার ডিনো বাজ্জিও। ইন্টার মিলান ও জুভেন্টাসের হয়ে খেলা এই তারকা ফুটবলার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার চোখে ম্যারাডোনাই সর্বকালের সেরা। এমনকি তার দাবি, বর্তমান সময়ের ফুটবলে ম্যারাডোনা খেললে গোলের বন্যা বয়ে দিতেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে আশির দশকের ইতালিয়ান ফুটবলের কাঠিন্যের কথা স্মরণ করে বাজ্জিও বলেন, ‘এখনকার ফুটবলে শারীরিক স্পর্শের আগেই ফাউল ডাকা হয়। কিন্তু ম্যারাডোনার সময়ে পরিস্থিতি এমন ছিল না। নাপোলিতে থাকাকালীন তাঁকে যেভাবে ফাউল করা হতো, তা কল্পনাও করা যায় না। বর্তমান সময়ে খেললে ডিয়েগো প্রতি মৌসুমে এক হাজার গোল করতেন।’

মেসির প্রসঙ্গ টেনে তিনি আরও যোগ করেন, ‘মেসি যদি সেই যুগে খেলতেন, তবে তিনিও সমান প্রতিভার স্বাক্ষর রাখতেন ঠিকই, কিন্তু প্রতিপক্ষ ডিফেন্ডাররা তাকে পিষে ফেলত। সেই যুগে টিকে থাকা ছিল অনেক বেশি কঠিন। এজন্যই আমি বলি ডিয়েগোই শ্রেষ্ঠ, তিনি বিশ্ব ফুটবলের ঈশ্বর।”

বাজ্জিও সেই সময়ের ডিফেন্ডারদের ভয়ংকর মেজাজের কথা উল্লেখ করেন। ফেরেরা, বারগোমি, ফেরি কিংবা মিহাইলোভিচের মতো ডিফেন্ডারদের কথা স্মরণ করে তিনি বলেন, ‘তখনকার ডিফেন্ডাররা আপনার পায়ের নলি লক্ষ্য করে স্পাইক বসিয়ে দিত, কারণ তারা সেটা পারত। বল নাকি গোড়ালি—সেটা নিয়ে কারো মাথাব্যথা ছিল না। কিন্তু ডিয়েগো সেই প্রতিকূলতা জয় করেই নাপোলিকে শিরোপা জিতিয়েছিলেন।’

সাক্ষাৎকারে ডিনো বাজ্জিও তার সাবেক সতীর্থদের প্রশংসাও করেছেন। ব্রাজিলিয়ান রোনালদোকে তিনি অপ্রতিরোধ্য হিসেবে বর্ণনা করেন। ল্যাজিওতে খেলা বর্তমান অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে সম্পর্কে তিনি বলেন, ‘সিমিওনে খুব বেশি কথা বলতেন না, কিন্তু খেলোয়াড় থাকা অবস্থাতেই তিনি একজন জাত কোচ ছিলেন। তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল প্রশ্নাতীত।’