ইতালিতে গেল ‘রাক্ষস’

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘রাক্ষস’ সিনেমা পৌঁছে গেছে ইতালিতে। দেশটির রাজধানী রোমে অবস্থিত সিনেমা ব্রডওয়ে নামক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। এর প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন জানিয়েছে, প্রথমদিনেই দর্শকের ভালো সাড়া পেয়েছেন তারা। 

রোমান্টিক থ্রিলার গল্পের সিনেমা রাক্ষস পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার নায়িকা টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি। 

তৃতীয় সপ্তাহেও এ সিনেমার দর্শক প্রতিক্রিয়া নিয়ে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘ভালো সিনেমা দর্শকের কাছে ধীরে হলেও স্থান পাবে। প্রথমে মাল্টিপ্লেক্সে আমাদের শো কম হওয়ায় দর্শক সিনেমাটি দেখতে এসেও দেখার সুযোগ পায়নি অনেকেই। ফলে এখনো দর্শকের চাপ রয়েছে। তৃতীয় সপ্তাহে এসেও এ সিনেমা অলমোস্ট হাউজফুল যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিনেও এটি বড় সাড়া পাবে বলে আমার বিশ্বাস।’