মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে ট্রাক পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, সমস্যাটি দীর্ঘদিন ধরে চললেও কার্যকর কোনো সমাধান মিলছে না।
মঙ্গলবার (৭ মার্চ) সরেজমিনে দেখা যায়, বাউশিয়া এলাকায় অবস্থিত একটি ফিড মিলের কাঁচামাল বহনকারী শতাধিক ট্রাক ঢাকাগামী লেনের প্রায় এক কিলোমিটার জুড়ে পার্কিং করে রাখা হয়েছে। এতে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে কারখানায় গাড়ি প্রবেশ ও বের হওয়ার সময় তীব্র যানজটের সৃষ্টি হয়।
স্টার লাইন পরিবহনের চালক নূর হোসেন বলেন, তিনি প্রতিদিন এই পথে চলাচল করেন এবং মহাসড়কের ওই অংশ পার হতে গিয়ে প্রায়ই ধীরগতিতে চলতে হয়। অনেক সময় দীর্ঘ যানজটে পড়তে হয়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
স্থানীয় বাউশিয়া শান্তিনগর এলাকার বাসিন্দা রাজিব অভিযোগ করে বলেন, অবৈধ পার্কিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। মহাসড়কের পাশে থাকা পথচারীদের চলাচলের পথও বন্ধ হয়ে যায়, ফলে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ করলে হুমকির মুখে পড়তে হয় বলেও জানান তিনি।
অন্যদিকে, ট্রাকচালক মফিজ জানান, নির্ধারিত পার্কিংয়ের জায়গা না থাকায় বাধ্য হয়েই তারা মহাসড়কের পাশে গাড়ি রাখতে বাধ্য হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক বছরে এ এলাকায় অবৈধ পার্কিংয়ের কারণে একাধিক ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে এবং প্রাণহানীর ঘটনাও ঘটেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এক কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, অবৈধ পার্কিং বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ইতোমধ্যে একাধিক গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান জানান, হাইওয়ে পুলিশের পাশাপাশি প্রশাসনও বিষয়টি নিয়ে কাজ করছে এবং দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।