আনোয়ারায় শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম আমাদের সাথে নানারকম অনৈতিক কাজ করতেন, শরীরেও হাত দিতেন। এসব কথা ভয়ে কাউকে বলার সাহস হয়নি, নিরুপায় হয়ে আজ বলতে বাধ্য হয়েছি। আমরা এই শিক্ষকের বিচার চাই। 

মানববন্ধনে উপস্থিত স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন রুবেল বলেন, ‘অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একাধিকবার লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগে তদন্ত হওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু আবারও তদন্তের নামে নাটক সাজিয়ে ওই শিক্ষককে স্কুলে রাখার অপচেষ্টা করা হচ্ছে। আমরা অভিযুক্ত এই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাওলানা জালাল উদ্দীন বলেন, ‘বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এসব অভিযোগের সত্যতা পেয়েছি। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকেও তদন্ত করা হয়। কিছুদিন আগে আবারও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে নোটিশ করা হয় কিন্তু তদন্তকাজ এখনো হয়নি।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাধব চন্দ্র বসু বলেন, ‘চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এ বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন। গত সোমবার সরেজমিনে তদন্তে যাওয়ার কথা থাকলেও যাওয়া সম্ভব হয়নি। আগামী কয়েকদিনের মধ্যে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন পাঠানো হবে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, ইউপি সদস্য মো. ইদ্রিস, নুরু মিয়া, মফিজ উদ্দিন, মো. ওসমান, আব্দুল হকসহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।