চট্টগ্রামের আনোয়ারা উপকূল থেকে সাগরে মাছ ধরতে যাওয়ার সময় ইঞ্জিনচালিত নৌকায় পা পিছলে পড়ে সাগরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের ছত্তার মাঝির ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে রাত ৩টার দিকে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
মৃত জেলের নাম গফুর আলম (২১)। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল এলাকার সাবের আহম্মদের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রফিক বলেরবিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝির ঘাট থেকে গফুরসহ ৪ জন মাছ ধরতে সাগরে যাচ্ছিলেন। নৌকায় উঠার সময় পা পিছলে গফুর সাগরে পড়ে যান। এ সময় সহকর্মীরা নৌকা নিয়ে তাকে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে সাগরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া গেলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন,‘স্থানীয়দের খবরে সাগরের চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ওই জেলের বাবা ছেলের মরদেহ শনাক্ত করেন। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’