ঈশ্বরগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল আনুমানিক পৌনে ৫টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের বৈরাটি গোরস্থান সংলগ্ন দারুল ইসলাম মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মাইজবাগ ইউনিয়নের সাধরগোলা গ্রামের আব্দুল আলিমের ছেলে জাহিদ হাসান (১৮) এবং রাজিবপুর ইউনিয়নের জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন (৬৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি ইজিবাইক মহাসড়ক থেকে নেমে বৈরাটি মাদরাসা পার হয়ে ধীতপুর গ্রামীণ সড়কের দিকে মোড় নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহীর মধ্যে জাহিদ হাসান ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে, ইজিবাইক থেকে ছিটকে পড়ে হাজির উদ্দিন নামের এক যাত্রী মারা যান।

এ ঘটনায় মাহমুদ হাসান জিম (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ইজিবাইকের আরও দুই যাত্রী আহত হয়েছেন, যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম জানান, নিহতদের সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।