চট্টগ্রামের মিরসরাই

নামাজ শেষে বাড়ি ফেরার পথে সাবেক ইউপি সদস্য নিহত

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০২:৪৮ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় আব্দুল খালেক নামে এক সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল খালেক নিহত হয়েছেন। রবিবার (২৩ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগারহাট বাজারের উত্তরপাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক (৬৬) উপজেলার কমলদহ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে ও ওয়াহেদপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, ভোরে ফজরের নামাজ আদায় শেষে আব্দুল খালেক হেঁটে বাড়ির দিকে ফিরছিলেন। পথে বড় দারোগারহাট বাজারের উত্তরপাশে মহাসড়কের চট্টগ্রামগামী গ্রীন লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।  ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন আব্দুল খালেক। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত