নারায়ণগঞ্জের ফতুল্লায় ইটিপি ছাড়াই তরল বর্জ্য উৎপাদনকারী তিনটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক এএইচএম রাসেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম অংশ নেয়।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা প্রতিষ্ঠানগুলো হলো— ফতুল্লার কুতুবাইল বটতলা রেললাইন এলাকার বিসমিল্লাহ নিট ডাইং অ্যান্ড ফিনিশিং মিল, ইসদাইর এলাকার বাংলাদেশ ডাইং অ্যান্ড প্রসেসিং এবং সস্তাপুর এলাকার হাজী রসুল ডাইং।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ফতুল্লা এলাকায় ইটিপিবিহীন তরল বর্জ্য উৎপন্নকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয় এবং সংশ্লিষ্ট কারখানাগুলোর বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।
পরিবেশ অধিদপ্তর আরও জানায়, পরিবেশ দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।