ঝালকাঠি

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে সাড়ে ৭ হাজার টাকা করে অনুদানের চেক এবং ৩০ কেজি করে চাল তুলে দেওয়া হয়। সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ এবং জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিনসহ অন্যান্যরা।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুরো ক্ষতি পূরণ করা সম্ভব না হলেও তাদের দুর্ভোগ লাঘবে এই সহায়তা প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।