বিপরীতমুখী ফলে ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের শেষ চারের আশা বেঁচে রইল, হারে বাদ পড়ার শঙ্কায় ফর্টিস এফসি। ‘বি’ গ্রুপ থেকে শেষ পর্যন্ত কোন দুটি দল রোড টু ফাইনাল কোয়ালিফায়ার্স খেলবে, তা জানা যাবে ২১ এপ্রিল শেষ ম্যাচ ডে’তে। তার আগে মঙ্গলবার কুমিল্লায় আরামবাগকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। আর কিংস অ্যারেনায় পুলিশের কাছে ২-১ গোলে হেরে গ্রুপ পর্বের খেলা শেষ করেছে ফর্টিস। এ গ্রুপ থেকে শেষ চারে যাওয়ার সম্ভাবনা বেঁচে আছে মোহামেডানেরও। শেষ ম্যাচে আরামবাগের বিপক্ষে জয় পেলে সাদা-কালোদের সুযোগ থাকবে।
পাঁচ দলের ‘বি’ গ্রুপে তিন ম্যাচশেষে পয়েন্ট টেবিলে সবার ওপরে পুলিশ। তিন ম্যাচে দুই জয়, এক ড্রয়ে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। শীর্ষে থাকলেও স্বস্তি নেই তাদের। ৫ পয়েন্ট করে আছে বসুন্ধরা, ফর্টিস ও মোহামেডানের। এর মধ্যে ফর্টিস খেলে ফেলেছে চার ম্যাচ। শেষ ম্যাচ ডে’তে বসুন্ধরা খেলবে পুলিশের বিপক্ষে। পুলিশ এই ম্যাচ হারলে বাদও পড়ে যেতে পারে।
ফর্টিস ও মোহামেডানের সঙ্গে ড্রয়ে বসুন্ধরার শেষ চারের সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছিল। সে অবস্থা থেকে মঙ্গলবার ঘুরে দাঁড়িয়েছে তারা। আরামবাগকে গোলবন্যায় ভাসিয়ে জানান দিয়েছে, তারা বড় রেসের ঘোড়া। শিরোপা ধরে রাখতে শেষ পর্যন্ত লড়াই করবে কিংস। তাদের হয়ে কাল জোড়া গোল করেছেন ডরিয়েলটন গোমেজ। এ ছাড়া একটি করে গোল আছে রাকিব হোসেন, সোহেল রানা জুনিয়র ও ফয়সাল আহমেদ ফাহিমের। নিজের গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করা ফাহিমের অবশ্য আরও দুবার বল জালে পাঠিয়েছিলেন, তবে দুবারই অফসাইডে বাতিল হয় গোল।
ম্যাচের ১৫ মিনিটে কর্নার থেকে বল পেয়ে ফাহিম ছোট ক্রস ফেলেন গোলমুখে। সেখান থেকে দলকে এগিয়ে নেন ডরিয়েলটন। সাত মিনিট পর রাকিবের ক্রসে আলতো টোকায় ব্যবধান বাড়ান ফাহিম। বিরতির পর ৩-০ করেন ইমানুয়েল সানডে। ৫৩ মিনিটে আরামবাগের গোলকিপার আজাদের পায়ের নিচ দিয়ে বল জালে পাঠান এ নাইজেরিয়ান। তিন মিনিট পর দলকে আরও এগিয়ে নন ডরিয়েলটন। ফাহিমের নিচু ক্রসকে গোলে পরিণত করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ৬৬ মিনিটে ফাহিমের শট ঠেকিয়ে দিয়েছিলেন আরামবাগের গোলকিপার আজাদ, তবে ফিরতি বল বক্সের জটলা থেকে পোস্টে পাঠিয়ে গোলোৎসবে যোগ দেন সোহেল রানা জুনিয়র।
কিংস অ্যারেনায় পুলিশের কাছে হেরে বিদায়ের শঙ্কায় ফর্টিস। অথচ ৩২ মিনিটে নাইজেরিয়ার ফরোয়ার্ড ওনিয়েকাচি ওকাফোরের গোলে লিড নিয়েছিলেন তারা। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে উগান্ডার শাফিক কুচি কাগিমু সমতায় ফেরান পুলিশকে। আর ৭৯ মিনিটে রাব্বি হাসান রাহুল জয়সূচক গোল করে পুলিশকে নিয়ে যান শীর্ষে।