ওরা ১১ জন

আগামী ৩ মাসের মধ্যে নতুন করে বিসিবি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই নির্বাচন পর্যন্ত বোর্ড পরিচালিত হবে আহ্বায়ক কমিটির মাধ্যমে। সেই আহ্বায়ক কমিটিতে রয়েছেন ১১ সদস্য।

কমিটির সভাপতি করা হয়েছে সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার তামিম ইকবালকে, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার হিসেবে গণ্য করা হয় যাকে। সর্বশেষ বিসিবি নির্বাচনে প্রার্থিতা করতে চাইলেও শেষ পর্যন্ত অনিয়মের অভিযোগে সরে দাঁড়ান। অনিয়ম প্রমাণিত হওয়ার পর এনএসসি বোর্ড ভেঙে দেওয়ার পর সেই তামিমকেই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য বোর্ডের প্রধান করা হলো। কমিটিতে আছেন জাতীয় দলের সাবেক তিন ক্রিকেটার। তামিম তো আছেনই, আছেন মিনহাজুল আবেদিন নান্নু ও আতহার আলী খান। নান্নু তামিমের মতো আবার সাবেক অধিনায়কও। বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দীর্ঘদিন কাজ করার পর বিসিবিতে অন্যান্য ভূমিকায় ব্যস্ত ছিলেন। এবার বসবেন সরাসরি বোর্ড সভায়। অন্যদিকে আতহার আলী খান খেলোয়াড়ি জীবন শেষে বনে গেছেন খ্যাতনামা ধারাভাষ্যকার। নির্বাচনের আগ পর্যন্ত তিনিও বোর্ডের নীতিনির্ধারকদের একজন।

এ ছাড়া বাকিদের মধ্যে প্রাধান্য পেয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের উত্তরাধিকাররা। সবার প্রথমে নাম ঘোষণা করা হয় রাশনা ইমামের, প্রখ্যাত ব্যারিস্টার আখতার ইমামের মেয়ে। আরেক পরিচয় ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী। রাশমা ইমাম নিজেও ব্যারিস্টার। কমিটিতে আছেন মির্জা ইয়াসির আব্বাস, যিনি ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের সন্তান। তিনি ঢাকা ব্যাংক লিমিটেডের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে ফাইন্যান্সে এমএসসি এবং অ্যাস্টন ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে ডিবিএ সম্পন্ন করা সৈয়দ ইব্রাহীম আহমেদ আছেন কমিটিতে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সন্তান।

অর্থমন্ত্রী ও চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু। নিজেও রাজনৈতিক ব্যক্তিত্ব, একইসঙ্গে উদ্যোক্তা ও কলামিস্ট হিসেবে সমাদৃত। পরিচিতি আছে ক্রীড়া সংগঠক হিসেবেও। মির্জা সালমান ইস্পাহানি দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত। এমএম ইস্পাহানী লিমিটেডের শীর্ষ পদে আসীন। চট্টগ্রামের তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার জন্য পরিচিতি রয়েছে। রফিকুল ইসলাম বাবু একসময় বোর্ড পরিচালক ছিলেন। দেশের ক্লাব ক্রিকেটের শীর্ষপর্যায়ের ব্যক্তি তিনি। বিসিবি নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে শুরু থেকে সোচ্চার ছিলেন। ফাহিম সিনহাও সাবেক বোর্ড পরিচালক। তিনিও সোচ্চার ছিলেন অনিয়ম নিয়ে। তিনি প্রয়াত বোর্ড পরিচালক ও ক্রীড়া সংগঠক আফজালুর রহমান সিনহার ছেলে।

তানজিল চৌধুরী, ক্লাব ক্রিকেটের সফল দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সাফল্যের পেছনে আছে বড় অবদান। দুই মেয়াদে বিসিবি পরিচালক ছিলেন।